হুমায়ুন কবির |
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে এক কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী।

জানা যায়, উপজেলার সিংরইল ইউনিয়নের জয়রামপুর গ্রামে কৃষক আব্দুস সাত্তারের বসতবাড়িতে গভীর রাতে হঠাৎ আগুন লাগে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই পুরো বাড়িটি আগুনে পুড়ে যায়। এতে ঘরের আসবাবপত্রসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ঘটনার খবর পেয়ে পরদিনই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তার নির্দেশে ক্ষতিগ্রস্ত পরিবারকে দুই বান্ডেল ঢেউটিন, নগদ ৬ হাজার টাকা, কম্বল ও শুকনো খাবারসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়।
গতকাল রবিবার (৮ মার্চ ২০২৬) দুপুরে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন ঘটনাস্থলে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এসব সহায়তা তুলে দেন।
স্থানীয় সূত্রে জানা যায়,

শনিবার (৭ মার্চ ২০২৬) সকাল প্রায় ১১টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কৃষক আব্দুস সাত্তারের বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায় এবং পরিবারটি চরম দুর্দশার মধ্যে পড়ে।
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত জানান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন, শুকনো খাবার ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সিংরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. নুরুজ্জামান উজ্জ্জ্বল, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পিও মামুন মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম রবিন, আতিক আনিসুর রহমান বাবুসহ স্থানীয় নেতাকর্মীরা।