জাহাঙ্গীর আলম মানিক |
সাপাহার নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম (ওয়েভ) পিএফজির উদ্যোগে এবং মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস)-এর সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে নারী অধিকার, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় নারীদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনারুল ইসলাম। তিনি বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে নারীদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীদের ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিত হলে দেশ আরও এগিয়ে যাবে।
পিএফজির অ্যাম্বাসেডর ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আকতার হোসেন, পিএফজির অ্যাম্বাসেডর নুরুল হক মাস্টার, অ্যাম্বাসেডর মাফিজুল ইসলাম মাস্টার, সাপাহার বণিক সমিতির সাবেক সভাপতি মতিউর রহমান, সাইদুল ইসলাম মাস্টার এবং সাংবাদিক তছলিম উদ্দীন।
অনুষ্ঠানে সাপাহার পিএফজির সকল সদস্য, ওয়েভ সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়।