ইমন রহমান | জেলা প্রতিনিধি, ভোলাঃ
ভোলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। গত শুক্রবার (৬ মার্চ) রাত ১০টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা এ অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর থানার পূর্ব ইলিশা ইউনিয়নের পরানগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় এলাকায় তল্লাশি চালিয়ে আনুমানিক ৪০ হাজার টাকা মূল্যের প্রায় ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গুপ্ত মুন্সী গ্রামের বাসিন্দা মোঃ ইব্রাহিম (৩২)। তিনি মোজাম্মেল মালের ছেলে।
পরে জব্দকৃত গাঁজা এবং আটককৃত মাদক কারবারিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ আবুল কাশেম জানান, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।