মোঃ ইলিয়াছ খান |
সালথা উপজেলা,ফরিদপুরঃ
ফরিদপুরের সালথা থানায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৭ মার্চ) সকাল ১১টায় থানার হলরুমে উপজেলা বিভিন্ন বাজার কমিটি, ব্যবসায়ী, মাহেন্দ্র ও অটো ড্রাইভারদের সঙ্গে সালথা থানা পুলিশ মতবিনিময় সভা করেছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাবলুর রহমান খান-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (সালথা ও নগরকান্দা সার্কেল) মাহমুদুল হাসান।

মতবিনিময় সভায় সালথা থানার তদন্ত ওসি কেএম মারুফ হাসান রাসেল, সালথা বাজার বণিক সমিতির সহ-সভাপতি আ. জব্বার মাতুব্বর, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন বাচ্চু, সালথা প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম নাহিদ এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
সভায় ব্যবসায়ীরা সালথা সদর বাজারে যানজট ও অন্যান্য সমস্যার কথা তুলে ধরেন। এছাড়াও অটো ও মাহেন্দ্র ড্রাইভাররা তাদের নানামুখী সমস্যা উত্থাপন করেন।
সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় ৪ সদস্য বিশিষ্ট বিশেষ একটি টিম গঠন করা হয়েছে। টিমটি প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত নিয়োজিত থাকবে, এছাড়াও মোটরসাইকেল টিম সর্বদা টহল দেবে। তিনি জনসাধারণকে পুলিশের সহযোগিতা করার আহ্বান জানান।
তিনি আরও জানান, মাদকের কারণে বিভিন্ন ইউনিয়নের কিছু ছ্যাঁচড়া চোর ছোটখাটো চুরি ও ছিনতাই ঘটাচ্ছে। জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ ধরনের অপরাধ প্রতিরোধে সক্রিয় থাকতে হবে। সালথা সদর বাজারে যানজট নিরসনে পুলিশ সর্বদা কার্যক্রম চালিয়ে যাবে বলে তিনি আশ্বস্ত করেছেন।