ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া বাইপাস সড়কের গাজী বাড়ির রাস্তার মাথায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে সিএনজি অটোরিকশার সংঘর্ষে জালাল (৬০) নামের এক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সিএনজি চালক নুরুজ্জামান জানান, “বাইপাস সড়কের গাজী বাড়ির রাস্তার মাথায় একপাশে দাঁড়ানো ট্রাকের পেছনে আমার সামনের সিএনজিটি প্রচণ্ড গতিতে ধাক্কা খায়। আমি দ্রুত যাত্রীসহ সিএনজি থেকে নেমে আহত চালককে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
নিহত জালাল চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডীর মৃত কবির আহমদের ছেলে বলে জানা গেছে।
এদিকে দুর্ঘটনার কারণে কিছুক্ষণ পটিয়া বাইপাস সড়কে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। স্থানীয়রা জানান, সড়কের পাশে অবৈধভাবে ট্রাক পার্কিংয়ের কারণেই প্রায়ই দুর্ঘটনা ঘটছে।