মোস্তাফিজুর রহমান জীবন | রাজশাহী

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) শাখা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে আয়োজিত এ ইফতার মাহফিল এক সম্প্রীতির মিলনমেলায় পরিণত হয়।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজের শহীদ বীর মুক্তিযোদ্ধা কাজী নুরন্নবী ছাত্রাবাস মাঠে এই গণ-ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে কলেজ ও হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজশাহী মহানগর বিএনপি এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক বসার ব্যবস্থা রাখা হয়েছিল।
স্বাগত বক্তব্যে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সল আলম আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আজকের এই আয়োজন ছাত্র রাজনীতির ঊর্ধ্বে উঠে এক অনন্য সম্প্রীতির বার্তা দিয়েছে। ইফতারের এই মিলনমেলা শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।”

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম বলেন, “এই হোস্টেলে এসে পুরোনো অনেক স্মৃতি মনে পড়ে গেল। এমন একটি আয়োজনে উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত। পবিত্র এই মাসে মহান আল্লাহ আমাদের সেবার মানসিকতা আরও বৃদ্ধি করুন।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশীদ, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন এবং সিনিয়র সহসভাপতি মো. নজরুল হুদা।
মাহফুজুর রহমান রিটন বলেন, “শহীদ বীর মুক্তিযোদ্ধা কাজী নূরন্নবী ছাত্রাবাস মাঠ আজ তারুণ্যের উদ্দীপনায় মুখরিত। ছাত্রদল শুধু রাজপথেই নয়, সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে এবং ধর্মীয় আয়োজনের মাধ্যমে সুশৃঙ্খল রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করেছে।”

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগের সভাপতি ডা. ওয়াসিম হোসেন, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর আজিজুল হক আজাদ এবং রামেক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিখ সাবু।
ছাত্রদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রামেক ছাত্রদলের সাধারণ সম্পাদক রিমন আলী, সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম, সিনিয়র সাধারণ সম্পাদক হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ ও রুবায়েত, প্রচার সম্পাদক তাহমিদ এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহেদিসহ স্থানীয় নেতা-কর্মীরা।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, প্রয়াত আরাফাত রহমান কোকোসহ ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।