মিলন বৈদ্য শুভ | রাউজান,চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের রাউজানে প্রয়াত মৃদুল কান্তি দে’র স্মরণে স্মরণসভা এবং ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা ও হোলি উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এতে অংশ নিতে দূর-দূরান্ত থেকে আগত ভক্তদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল শ্রীকৃষ্ণের দোলযাত্রা, দোল পূজা, হোলি উৎসব, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, প্রয়াত মৃদুল কান্তি দে’র প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং স্মরণসভা। এ ছাড়া বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান ও পূজা-অর্চনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শ্রীমদ্ভগবদগীতা পাঠ পরিবেশন করেন বিকাশ দত্ত ও তাঁর দল। পরে ভগবানের উদ্দেশ্যে রাজভোগ নিবেদন, ভোগ আরতি কীর্তন এবং উপস্থিত ভক্তদের মাঝে অন্নপ্রসাদ বিতরণ করা হয়।

মহতী এ অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন চিত্রা রানী দে। এছাড়াও উপস্থিত ছিলেন আশালতা কলেজের প্রাক্তন সভাপতি প্রবাল কৃষ্ণ দে, আশালতা কলেজের অধ্যক্ষ জনার্দন বনিক, বিশিষ্ট সমাজসেবক প্রদীপ দেব, শ্রীশ্রী রক্ষাকালী মন্দির পাঠাগারের পরিচালক সিদুল ধর, স্মরণ মহোৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন বিশ্বাস, আশালতা সংঘের সভাপতি নেপাল কর, বিশিষ্ট সমাজসেবক রতন আচার্য, আশালতা সংঘের সহ-সভাপতি শিবু বিশ্বাস, সমাজসেবক অঞ্জন ঘোষ ও জগন্নাথ বিশ্বাসসহ উদযাপন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে হাজার হাজার নারী-পুরুষ ভক্তের সমাগমে পুরো এলাকা এক আনন্দঘন ধর্মীয় পরিবেশে পরিণত হয়।