ইমন রহমান | জেলা প্রতিনিধিঃ
ভোলা: ভোলায় বাংলাদেশ কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার (৪ মার্চ ২০২৬) রাতে কোস্ট গার্ড বেইস ভোলা গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে ভোলা সদর থানাধীন শান্তিরহাট অটো ব্রিকফিল্ড সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজাসহ মোঃ সোলেমান বাদশা (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। তিনি ভোলা সদর উপজেলার শান্তিরহাট এলাকার বড় চর সামাইয়া গ্রামের বাসিন্দা।
অপরদিকে একইদিন রাত ৯টার দিকে ভোলা সদর থানাধীন ৯ নং সদূরচর সংলগ্ন এলাকায় আরেকটি বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড। অভিযানে প্রায় ২০ হাজার টাকা মূল্যের ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ হাশেম (৪৪) নামের আরেক মাদক কারবারিকে আটক করা হয়। তিনি ভোলা পৌরসভার সদূরচর এলাকার বাসিন্দা।
আটককৃত মাদক কারবারি ও জব্দকৃত গাঁজা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন মোঃ আবুল কাশেম জানান, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।