মাহামুদুল হাসান |
মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরের রাজৈর উপজেলায় ১০৬ জন খুচরা সার বিক্রেতার আইডি কার্ড ও ট্রেড লাইসেন্স বহালের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ মিছিল ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল সাড়ে ১১টায় রাজৈর উপজেলা পরিষদ চত্বরে ইউএনও কার্যালয়ের সামনে খুচরা সার বিক্রেতারা এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং দ্রুত তাদের লাইসেন্স বহালের দাবি জানান।
মানববন্ধনে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ, রাজৈর উপজেলা শাখার সভাপতি রসরাজ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজল কর্মকার, সদস্য নরুল ইসলাম এবং সার ডিলার নিরান রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা বৈধভাবে সার বিক্রি করে আসছেন। হঠাৎ করে লাইসেন্স বাতিল বা জটিলতার কারণে তাদের জীবিকা হুমকির মুখে পড়েছে। তাই দ্রুত তাদের আইডি কার্ড ও ট্রেড লাইসেন্স বহাল রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান তারা।
মানববন্ধন শেষে সার বিক্রেতারা একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি রাজৈর উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কৃষি অফিসের সামনে গিয়ে বিভিন্ন স্লোগান দেন। পরে তারা রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহফুজুল হকের কাছে লিখিত স্মারকলিপি প্রদান করেন।