এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লায় গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নিশ্চিত করতে সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। “গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” শীর্ষক এ সেমিনার ও কর্মশালার আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল।

বুধবার (৪ মার্চ) কুমিল্লা সার্কিট হাউজের কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। তিনি কর্মশালার উদ্বোধন করেন।

কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মু. রেজা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন কুমিল্লার সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম।

প্রথম সেশনে আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মোঃ আব্দুস সবুর।

তিনি “বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি প্রতিপালনের গুরুত্ব” বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা, তথ্য যাচাই ও নৈতিক মানদণ্ড অনুসরণ নিশ্চিত করতে হলে প্রেস কাউন্সিলের আচরণবিধি যথাযথভাবে মেনে চলতে হবে। এতে সাংবাদিকদের পেশাগত মর্যাদা অক্ষুণ্ণ থাকবে এবং পাঠক-দর্শকের আস্থা বৃদ্ধি পাবে।
দ্বিতীয় সেশনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। “গণমাধ্যমকর্মীদের আইনগত অধিকার ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় গণমাধ্যমকর্মীদের করণীয়” শীর্ষক আলোচনায় তিনি বলেন, সাংবাদিকদের তথ্য সংগ্রহ ও প্রকাশের অধিকার রয়েছে, তবে সেই সঙ্গে সত্য, নির্ভুল ও ভারসাম্যপূর্ণ সংবাদ পরিবেশনের দায়িত্বও রয়েছে।

তিনি দায়িত্বশীল সাংবাদিকতাকে গণতান্ত্রিক সমাজব্যবস্থার গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে উল্লেখ করে অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যের পর সাংবাদিকদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন আইন, নীতিমালা ও বাস্তব সমস্যাবলি নিয়ে মতামত ও প্রশ্ন তুলে ধরেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব প্রশ্নের উত্তর দেন।