রাজশাহী মহানগরীর কর্ণহার ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও দেশি মদ উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— পবা থানার বসন্তপুর গ্রামের মো: মকসেদ আলীর ছেলে মো: মিঠু ইসলাম (৩৩); কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম চারখুটার মোড় গ্রামের মো: মাহাবুবুর রহমানের ছেলে মো: নিশার আহম্মেদ সাগর (২৭); বগুড়া জেলার আদমদীঘি থানার সান্তাহার গ্রামের (বর্তমানে বোয়ালিয়া থানার ঘোড়ামারা এলাকায় বসবাসরত) মো: মঞ্জুরুল হকের ছেলে মো: জিম (২৫) এবং রাজপাড়া থানার ভাটাপাড়া গ্রামের মো: ফজলুল হকের ছেলে মো: জনি (৩৬)। তারা সবাই বর্তমানে রাজশাহী মহানগরীতে বসবাস করছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ১১টায় কর্ণহার থানার ধর্মহাটা এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১ জনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ২ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক দেড়টায় কাশিয়াডাঙ্গা থানা এলাকায় স্থাপিত পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে আরও ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
চেকপোস্টে গ্রেপ্তারকৃতদের দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ বোতল (৫০০ মি.লি.) দেশি মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
রাজশাহী মহানগর পুলিশ জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং নগরীকে মাদকমুক্ত রাখতে নিয়মিত চেকপোস্ট ও বিশেষ অভিযান পরিচালনা করা হবে।