কিশোরগঞ্জ জেলার কটিয়াদী মডেল থানা-র পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্য (এসআই) মোঃ বাছেদ মিয়াকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিধান করানো হয়েছে।
সোমবার (২ মার্চ) কিশোরগঞ্জ জেলা পুলিশ-এর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। তিনি সদ্য পদোন্নতি প্রাপ্ত এসআই মোঃ বাছেদ মিয়াসহ অন্যান্য সদস্যদের কাঁধে র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
এসময় পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত সদস্যদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান। তিনি বলেন, পদোন্নতি একটি সম্মানজনক স্বীকৃতি হলেও এর সঙ্গে দায়িত্ব ও জবাবদিহিতা বহুগুণে বৃদ্ধি পায়। নতুন পদে অধিষ্ঠিত সদস্যদের পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ সমুন্নত রেখে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে হলে নিরপেক্ষতা, আইনের প্রতি শ্রদ্ধা ও সেবাধর্মী মনোভাব নিয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ সাইফুল ইসলাম-সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানের একপর্যায়ে পদোন্নতি প্রাপ্ত সদস্যরা বাহিনীর মর্যাদা রক্ষা ও জনগণের সেবায় আত্মনিয়োগের প্রত্যয় ব্যক্ত করেন। জেলা পুলিশ কিশোরগঞ্জ আশাবাদ ব্যক্ত করে জানায়, নবপদোন্নতিপ্রাপ্ত সদস্যরা তাঁদের দায়িত্ব যথাযথভাবে পালন করে আইন-শৃঙ্খলা রক্ষায় আরও বলিষ্ঠ ভূমিকা রাখবেন।