মাহিদুল ইসলাম ফরহাদ |
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
সোমবার (০২ মার্চ) সকাল ৮টা ১০ মিনিটে ভোলাহাট থানাধীন মুন্সিগঞ্জ গ্রাম এলাকায় চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। অভিযানে মুন্সিগঞ্জ গ্রামের মোঃ বাবলুর স্ত্রী মোসা. রুবিনা খাতুন (৩৯) কে আটক করা হয়।
অভিযান চলাকালে তার দেহ তল্লাশি করে ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে তাকে হেফাজতে নেওয়া হয়।
এ ঘটনায় উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে ভোলাহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে অভিযান জোরদার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ডিএনসির অভিযান অব্যাহত থাকবে।