মোনতাহেরুল হক আমিন |
বাঁশখালী প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় রাতের আঁধারে অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত চক্রকে সহায়তা এবং মোবাইল কোর্ট অভিযানের তথ্য ফাঁসের অভিযোগে তিনজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
২ মার্চ (সোমবার) রাত ১২টা থেকে ভোর ৩টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার জালিয়াঘাটা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র অভিযানের সময় গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে মাটি কাটার সঙ্গে জড়িতদের আগাম সতর্কবার্তা দিয়ে আসছিল। ফলে একাধিকবার অভিযান ব্যর্থ হয় এবং অভিযুক্তরা এক্সক্যাভেটর ও মিনি ড্যাম্পার ট্রাক নিয়ে পালিয়ে যায়।
সর্বশেষ অভিযানে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্তরা সরে গেলেও পুরো এলাকায় তল্লাশি চালিয়ে সন্দেহভাজন কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় মো. রিদুয়ান (২৯), নুরুল আলম (৪৫) ও মো. ইব্রাহিম (৪৫)-এর মোবাইল ফোনকল রেকর্ডে অভিযানের তথ্য পাচারের প্রমাণ পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, দীর্ঘদিন ধরে মোবাইল কোর্ট অভিযানের খবর পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িতদের ফোনে সতর্ক করে পালিয়ে যেতে সহায়তা করতেন। বিনিময়ে তারা অবৈধ মাটি কাটার লভ্যাংশের অংশ পেতেন।
এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় ব্যবস্থা নেওয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করে মো. রিদুয়ানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং নুরুল আলম ও মো. ইব্রাহিমকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উল্লেখ্য, মো. রিদুয়ানের বিরুদ্ধে পূর্বে বাঁশখালীর পাহাড়ি অঞ্চলে অবৈধ মাটি কাটার একাধিক অভিযোগ থাকলেও এবারই প্রথম তাকে অভিযানে আটক করা সম্ভব হয়েছে।
প্রশাসন জানিয়েছে, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।