মিলন বৈদ্য শুভ | রাউজান,চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম উত্তর জেলার রাউজান প্রেস ক্লাবের উদ্যোগে আমৃত্যু সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক সরোয়ার উদ্দিন আহমেদের স্মরণসভা, পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ মার্চ) বিকেলে রাউজান উপজেলা সদরের রাঙ্গামাটি মহাসড়কস্থ কুইন প্যালেস মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. রাহাতুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, সরোয়ার উদ্দিন আহমেদ শুধু একজন দক্ষ সাংবাদিকই ছিলেন না; তিনি ছিলেন সমাজের নীরব সংস্কারক ও আলোকিত মানুষ। তাঁর সততা, ন্যায়নিষ্ঠা এবং পেশাগত আদর্শ নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। রাউজানের সাংবাদিকতা ও সামাজিক অঙ্গনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
রাউজান প্রেস ক্লাবের সভাপতি কাজী সরোয়ার খান মনজুরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের আজীবন সদস্য ও সাবেক সভাপতি জাহেদুল আলম। শুভেচ্ছা বক্তব্য দেন আজীবন সদস্য ও সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. মোজাফফর হোসাইন সিকদার, সহ-সম্পাদক রবিউল হোসেন রবি এবং সাংগঠনিক সম্পাদক ইরফাত হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরজেলা বিএনপি নেতা ও শিক্ষানুরাগী মাস্টার আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ, উপজেলা জামায়াতের আমির শাহজাহান মনজু, সাবেক পৌর কমিশনার রেজাউর রহিম আজমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
এছাড়াও রাউজান প্রেস ক্লাবের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।