নিজস্ব প্রতিবেদক | দূর্গাপুরঃ
রাজশাহীর দূর্গাপুর উপজেলাতে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে অভিযুক্ত শফিকুল ইসলাম এখনো গ্রেফতার হয়নি। তাকে ধরতে একাধিকবার অভিযান চালানো হলেও এখন পর্যন্ত আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শফিকুল ইসলাম উপজেলার ২ নম্বর কিসমত গণকৈড় ইউনিয়নের বাসিন্দা এবং হেকমত আলীর ছেলে। স্থানীয়দের দাবি, তিনি ইউনিয়ন সৈনিক লীগের সাধারণ সম্পাদক এবং দূর্গাপুর পৌরসভার মেয়র সাজেদুর রহমান মিঠুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
অভিযোগ রয়েছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত হামলার ঘটনায় তিনি সরাসরি জড়িত ছিলেন। সরকার পরিবর্তনের পর থেকেই তিনি পলাতক রয়েছেন বলে জানা গেছে। এছাড়া সর্বশেষ পৌর নির্বাচনের সময় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
তথ্যানুসন্ধানে জানা গেছে, তিনি রাজধানী ঢাকার একটি বাসা ভাড়া নিয়ে আত্মগোপনে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে দূর্গাপুর উপজেলা বিএনপির একাধিক নেতা দ্রুত তার গ্রেফতার দাবি জানিয়েছেন। তারা বলেন, ছাত্র-জনতার ওপর হামলার মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনা জরুরি।
দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “অভিযুক্তকে ধরতে বারবার অভিযান পরিচালনা করা হয়েছে। তবে এখনো তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাকে আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”