কামাল খান | সিলেট প্রতিনিধিঃ 

সিলেট সার্কিট হাউসে শনিবার অনুষ্ঠিত মতবিনিময় সভায় বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ব্যক্তিখাতে কর বাড়ানো হবে না বলে স্পষ্ট করেছেন।

কর বৃদ্ধির বিষয় নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য মিডিয়ায় ভুলভাবে প্রচারিত হয়েছে উল্লেখ করে তিনি জানান, বাংলাদেশের ট্যাক্স জিডিপির রেশিও আশেপাশের দেশের তুলনায় অনেক কম, যা সরকারের বাজেট খরচ মেটাতে যথেষ্ট হলেও উন্নয়নে ব্যয় সম্ভব হয় না।

মন্ত্রী আরও বলেন, রমজানে বাজারের পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। প্রথম কয়েকদিন লেবু সহ কিছু পণ্যের দাম বৃদ্ধি পেয়েছিল, তবে তা এখন আগের অবস্থায় ফিরে এসেছে।
এছাড়াও, খন্দকার আব্দুল মুক্তাদির জানান, এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়নের সাথে মুক্তবাণিজ্য চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অস্ট্রেলিয়া, কানাডা এবং যুক্তরাজ্যের সঙ্গেও মুক্তবাণিজ্য চুক্তি শুরু হবে।

প্রবাসী, বৈদেশিক কর্মসংস্থান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালু করতে সরকার কাজ করছে। এছাড়াও, স্পেনে অভিবাসী বাংলাদেশিদের পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স সময়মতো পৌঁছে দেওয়া হবে।

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আসন্ন বর্ষা মৌসুমের জন্য নদী ও খাল খনন, হাওর রক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কারে কাজ চলছে। দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। মন্ত্রী বলেন, সিলেটের পাহাড়ি অঞ্চলের কারণে বর্ষায় ঢলের পানি প্রবাহিত হয়, যা বন্যার চ্যালেঞ্জ তৈরি করে। চলমান ও নতুন প্রকল্পের মাধ্যমে এই সমস্যার সমাধান করা হবে।

মতবিনিময় সভা শেষে মন্ত্রীরা নদীভাঙনকবলিত সুরমা ও চেঙ্গার নদী এলাকা পরিদর্শন করেন। সভায় নবনির্বাচিত এমপি, জেলা প্রশাসক, মহানগর বিএনপি নেতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।