মোঃ ইলিয়াছ খান |
সালথা উপজেলা প্রতিনিধি, ফরিদপুরঃ

ফরিদপুর জেলার সালথা উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা প্রদান করেছেন শামা ওবায়েদ ইসলাম রিংকু।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িগুলো পরিদর্শন করেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ঢেউ টিন, শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণ করা হয়।
প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার, সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি শাহীন মাতুব্বর, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে মজিবুর রহমান মাতুব্বরের বাড়ির একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে চারটি বসতঘরের মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।