মোঃ বাবুল হোসেন |
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কৃষকের বসতবাড়ি পুড়ে ছারখার হয়ে গেছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাগজানা ইউনিয়নের রামভদ্রপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় এক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাগজানা ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের রফিকুল ইসলামের পুত্র সোহান জুম্মার নামাজ আদায় করতে মসজিদে গেলে বাড়িতে পরিবারের নারী সদস্যরা অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ শোবার ঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুরো বাড়ি দাউ দাউ করে জ্বলে ওঠে।
আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে ঘরের টিন, আসবাবপত্র, ফার্নিচার, কাপড়চোপড়সহ প্রয়োজনীয় মালামাল পুড়ে ছারখার হয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত কৃষকের প্রায় এক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ সময় আগুন পাশের বাড়িতে ছড়িয়ে পড়ে বিশু নামের অপর এক ব্যক্তির বাড়িতেও আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আতাউর রহমান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করতে পারতো।

পাঁচবিবি ফায়ার সার্ভিসের ইনচার্জ শাহীন আলী জানান, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিটকে অগ্নিকাণ্ডের কারণ হিসেবে সন্দেহ করা হচ্ছে। আগুনে প্রায় এক লক্ষাধিক টাকার ক্ষতি হলেও প্রায় তিন লক্ষ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।