মো: গোলাম কিবরিয়া |
রাজশাহী জেলা প্রতিনিধিঃ
রাজশাহী মহানগর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রহমান বাবু (৬০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ২টার দিকে নগরের দরগাপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে।
হাবিবুর রহমান বাবু রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। পরে তিনি মহানগর আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি নগর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর দীর্ঘ সময় আত্মগোপনে থাকা হাবিবুর রহমান বাবু কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সক্রিয় ছিলেন।
নগরের বোয়ালিয়া থানার ওসি রবিউল ইসলাম জানান, হাবিবুর রহমান বাবুর বিরুদ্ধে একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয় এবং বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তবে ওসি মামলা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাতে পারেননি।
এই গ্রেপ্তারের ঘটনা রাজশাহী মহানগর আওয়ামী লীগ এবং স্থানীয় রাজনৈতিক মহলে সরগরম আলোচনা সৃষ্টি করেছে।