দুর্গাপুর (রাজশাহী) সংবাদদাতা |

রাজশাহীর দুর্গাপুরে বিএনপির কর্মী ও বিশিষ্ট ব্যবসায়ী মুশফিকুর রহমান মেহেদীসহ তিনজন শিক্ষকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর অপপ্রচারের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের পারিলা প্রগতি ক্লাব চত্বরে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী মুশফিকুর রহমান মেহেদী।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, স্থানীয় আলামিন হক বিজয় নামের এক ব্যক্তি তার ফেসবুক আইডি থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্মানিত শিক্ষকদের বিরুদ্ধে মানহানিকর তথ্য প্রকাশ করে তা বিভিন্ন দপ্তর, ব্যক্তি ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। এতে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে দাবি করেন তিনি।

মেহেদী বলেন, তিনি ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। প্রথমে ছাত্রদল, পরে বিএনপির রাজনীতিতে সক্রিয় রয়েছেন। এর আগেও আলামিন হক বিজয় তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। পুকুর খনন ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের পানবরজে অগ্নিসংযোগের অভিযোগও সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন মেহেদী।
তিনি আরও অভিযোগ করেন, চাঁদা দাবি করে তা না পেয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এবং কয়েকজন শিক্ষকের নাম জড়িয়ে মিথ্যাচার করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় অভিযুক্ত ব্যক্তি সুবিধাভোগী ছিলেন বলেও দাবি করেন তিনি।
তবে এ বিষয়ে অভিযুক্ত আলামিন হক বিজয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শামসুল হক, আকবর আলী, কোষাধ্যক্ষ খোরশেদ আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক মোবারক আলী মাস্টার, ইউনিয়ন কৃষকদলের নেতা জিলহজ্ব, ওয়ার্ড সভাপতি সোহেল রানাসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।