মোস্তাফিজুর রহমান জীবন |
রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)-এর প্রশাসক হিসেবে নিজের নাম আলোচনায় আসা প্রসঙ্গে মুখ খুলেছেন মাহফুজুর রহমান রিটন। তিনি জানিয়েছেন, সুযোগ পেলে রাজশাহীবাসীর সেবক হিসেবে কাজ করতে এবং নগরীর সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে প্রস্তুত রয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজশাহী মহানগরের ১৯ নম্বর ওয়ার্ডের দারুন নাজাত হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকো-এর আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাসিক প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের আগ্রহ প্রকাশ করে মাহফুজুর রহমান রিটন বলেন, “বিগত সময়ে মেয়র মিজানুর রহমান মিনু ও মোসাদ্দেক হোসেন বুলবুল যুবদল থেকে অল্প বয়সে মেয়র নির্বাচিত হয়েছিলেন। আমিও যুবদল থেকে বিএনপিতে এসেছি। প্রশাসনিক দায়িত্ব পেলে রাজশাহীর উন্নয়ন করা সম্ভব। আমি রাজশাহীর মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, দায়িত্ব পেলে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে নগরবাসীর প্রত্যাশা পূরণ করা হবে।
অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রিমা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুমন শরিফ। বক্তারা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং গণতন্ত্রের আন্দোলনে বিএনপির ভূমিকার কথা তুলে ধরেন।
এ সময় সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রঞ্জু, সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ডাবলু, চন্দ্রিমা থানা বিএনপির সদস্য জনি আহমেদ, মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক আলামিন বাবু এবং শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
মোনাজাতের মাধ্যমে জিয়া পরিবারের কল্যাণ ও দেশের শান্তি কামনা করে অনুষ্ঠানটি শেষ হয়।