মাহামুদুল হাসান |
রাজৈর প্রতিনিধি,মাদারীপুরঃ
ঈদের আগেই ফ্যামেলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। তিনি বলেন, বর্তমান সরকার নির্বাচনের আগে ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের অঙ্গীকারে ফ্যামেলি কার্ড, কৃষি কার্ড ও স্বাস্থ্য কার্ড চালুর ঘোষণা দিয়েছিল।
সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই ফ্যামেলি কার্ড কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজৈর উপজেলা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এমপি জাহান্দার আলী মিয়া জানান, ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে দেশের আটটি বিভাগের ১৪টি উপজেলায় ফ্যামেলি কার্ড বিতরণ করা হয়েছে। এর মধ্যে রাজবাড়ী জেলায় একটি উপজেলা অন্তর্ভুক্ত রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন ঈদের আগেই সারাদেশে ফ্যামেলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে।
তিনি আরও বলেন, “সরকারের এ উদ্যোগটি একটি ইতিবাচক পদক্ষেপ। এটি দলীয় ভিত্তিতে নয়, বরং সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে অনলাইনে বিতরণ করা হবে। অতীতে বিভিন্ন ভাতা কার্যক্রম নিয়ে যে সমালোচনা হয়েছে, তা দূর করতেই এ নতুন পদ্ধতি গ্রহণ করা হয়েছে।”
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহফুজুল হক-এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
সভায় রাজৈর উপজেলা বিএনপি ও মাদারীপুর জেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ অংশ নেন।