প্রেমের টানে দেশ-বিদেশের সীমানা পেরিয়ে এবার শ্রীলঙ্কা থেকে শ্রীলঙ্কা হয়ে ফেনীর দাগনভূঞা উপজেলায় ছুটে এসেছেন এক তরুণী। ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হয়ে তিনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন স্থানীয় এক যুবকের সঙ্গে। ঘটনাটি ঘটেছে উপজেলার রামনগর ইউনিয়নর আজিজ ফাজিলপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজিজ ফাজিলপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইয়াছিনের ছেলে এজাজ আহমেদ শিহাব এবং শ্রীলঙ্কান নাগরিক ইশারা মাট্টি ওমানে একটি টেক্সটাইল কোম্পানিতে সহকর্মী হিসেবে কর্মরত ছিলেন। কাজের সূত্রে পরিচয় থেকে বন্ধুত্ব এবং পরবর্তীতে গভীর প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। দীর্ঘ তিন বছরের সম্পর্কের পর বিয়ের সিদ্ধান্ত নেন এই যুগল।
ওমানে বিয়ের আইনি জটিলতা থাকায় তারা নিজ নিজ দেশে ফিরে আনুষ্ঠানিকভাবে বিবাহ সম্পন্ন করার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী গত ৩১ জানুয়ারি শিহাব বাংলাদেশে ফেরেন। পরে গত ২৩ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে আসেন ইশারা মাট্টি। বিমানবন্দর থেকে সরাসরি তিনি দাগনভূঞায় শিহাবের বাড়িতে পৌঁছান।
পরিবারের সদস্যরা ভিনদেশি এই তরুণীকে আন্তরিকভাবে বরণ করে নেন। পরবর্তীতে তিনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার নতুন নাম রাখা হয় জান্নাতুল ফেরদৌস জান্নাত (২৭)। পারিবারিক ও ধর্মীয় রীতি অনুযায়ী ৫ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে সম্পন্ন হয়।
শিহাব জানান, ওমানে অবস্থানকালেই তাদের সম্পর্ক গড়ে ওঠে এবং দুই পরিবারের সম্মতিতেই তারা দেশে এসে বিয়ে সম্পন্ন করেছেন। বর্তমানে জান্নাত তার শ্বশুরবাড়িতে সুখে সময় কাটাচ্ছেন।
ভিন্ন দেশ, ভাষা ও সংস্কৃতির বাধা পেরিয়ে ভালোবাসার টানে শ্রীলঙ্কান তরুণীর ফেনীতে আগমন স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।