কামাল খান | সিলেট প্রতিনিধিঃ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মিরগঞ্জ বাজার এলাকায় কুশিয়ারা নদীর ভয়াবহ ভাঙনে কয়েকটি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে।

গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ঘটে যাওয়া এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে মধ্যরাতে ঘটনাস্থলে ছুটে যান সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার জোহরের পর থেকে কুশিয়ারা নদীর স্রোত বৃদ্ধি পেতে থাকে এবং নদীপাড়ে ফাটল দেখা দেয়।

বিকাল ৩টার দিকে মিরগঞ্জ বাজার সংলগ্ন কুশিয়ারাপাড়ের ফতেহপুর গ্রামের আবুল, আবুল খায়ের, আব্দুল, হারুন ও সুফিয়া খাতুনসহ কয়েকজনের বসতভিটা ধীরে ধীরে নদীতে বিলীন হয়ে যায়।

পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সহযোগিতা চাওয়া হয়। পরে স্থানীয়দের সহায়তায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়।

ঘটনার খবর পেয়ে রাত ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছান এমপি এমরান আহমদ চৌধুরী। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাৎক্ষণিকভাবে অস্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি পবিত্র রমজান মাস উপলক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খাদ্যসামগ্রী সরবরাহের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
এমপি বলেন, “বুধবার দিনেরবেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করবেন। নদীভাঙন রোধে স্থায়ী সমাধানের জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ সময় উপস্থিত স্থানীয়রা বলেন, “স্বাধীনতার পর থেকে এমন দ্রুত পদক্ষেপ নেওয়া এমপি আমরা দেখিনি। দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোয় আমরা কৃতজ্ঞ।”

উপস্থিত জনতা গোলাপগঞ্জ-বিয়ানীবাজার এলাকার নদীভাঙন স্থায়ীভাবে রোধে টেকসই বাঁধ নির্মাণ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের দাবি জানান।
বৈঠকে সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।