মোঃ ইলিয়াছ খান |
সালথা উপজেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সদস্যদের স্বাস্থ্যসেবা আরও উন্নত ও সহজলভ্য করতে ফরিদপুর পুলিশ লাইন্স হাসপাতালে নতুন প্যাথলজি বিভাগের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ বিভাগের উদ্বোধন ঘোষণা করেন Md. Nazrul Islam, পুলিশ সুপার (এসপি), ফরিদপুর।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম বলেন, পুলিশ সদস্যরা দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় দিনরাত নিরলস পরিশ্রম করেন। তাদের সুস্থতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্য থেকেই ফরিদপুর পুলিশ লাইন্স হাসপাতালে আধুনিক প্যাথলজি বিভাগ চালু করা হয়েছে।
তিনি আরও বলেন, এই বিভাগের মাধ্যমে দ্রুত, নির্ভুল ও আধুনিক প্রযুক্তির সাহায্যে বিভিন্ন রোগ নির্ণয় সম্ভব হবে। ফলে পুলিশ সদস্যদের বাইরে গিয়ে পরীক্ষা করানোর ঝামেলা কমবে এবং সময় ও অর্থ উভয়ই সাশ্রয় হবে।
এসপি জানান, নতুন প্যাথলজি বিভাগে অত্যাধুনিক যন্ত্রপাতি সংযোজন করা হয়েছে। এর মাধ্যমে রক্ত, প্রস্রাবসহ বিভিন্ন ধরনের পরীক্ষা নির্ভরযোগ্যভাবে স্বল্প সময়ে সম্পন্ন করা যাবে। ভবিষ্যতে হাসপাতালের সেবার পরিধি আরও সম্প্রসারণ করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমির হোসেন এবং ফরিদপুর পুলিশ লাইন্স হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সৈয়দ হাসানুল কবীর মিশুসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।
এ সময় কয়েকজন পুলিশ সদস্য জানান, আগে ছোটখাটো পরীক্ষার জন্য বাইরে যেতে হতো, যা ছিল সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। নতুন প্যাথলজি বিভাগ চালু হওয়ায় এখন হাসপাতালেই দ্রুত পরীক্ষা করানো সম্ভব হবে, যা তাদের জন্য অনেক স্বস্তির বিষয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, পুলিশ সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও এই স্বাস্থ্যসেবার আওতায় আসবেন। ফলে সার্বিকভাবে পুলিশ সদস্য ও তাদের পরিবারের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন জেলা পুলিশ।