শেখ কামরুজ্জামান (রানা) |
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলির ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার পিঞ্জুরি ইউনিয়নের পিঞ্জুরি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পিঞ্জুরি গ্রামের ব্যবসায়ী সুমন শেখের বসতবাড়ি লক্ষ্য করে অজ্ঞাত দুর্বৃত্তরা পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে তার বিল্ডিংয়ের দ্বিতীয় তলার একটি জানালার গ্লাস ভেঙে যায় এবং জানালায় চারটি গুলির ছিদ্র দেখা যায়।
ভুক্তভোগী সুমন শেখ সাংবাদিকদের জানান, “রাত ৯টার দিকে তারাবির নামাজ শেষে বাসার নিচতলায় বসে খাবার খাচ্ছিলাম। হঠাৎ বাড়ির বাইরে চারবার বিকট শব্দ শুনতে পাই। দ্রুত দ্বিতীয় তলায় গিয়ে দেখি আমার বেডরুমের জানালার গ্লাস ভাঙা এবং সেখানে চারটি গুলির দাগ রয়েছে। বিষয়টি সঙ্গে সঙ্গে থানায় জানাই।”
ঘটনার খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি বলে জানা গেছে।
এ ঘটনায় ব্যবসায়ী সুমন শেখ ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। এলাকাবাসীর মধ্যেও আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াদ মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মামলার স্বার্থে কোনো মন্তব্য করতে রাজি হননি।
পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনের কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।