মিলন বৈদ্য শুভ |
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাউজান উপজেলার মধ্যম সুলতানপুর জলদাশ পাড়া সার্বজনীন শ্রী শ্রী লোকনাথ বাবার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২য় তম চতুষপ্রহরব্যাপী মহোৎসব ও শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ সংকীর্তন যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
২২ ও ২৩ ফেব্রুয়ারি দুইদিনব্যাপী আয়োজিত এ মহোৎসবকে কেন্দ্র করে ব্যাপক ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, মঙ্গলারতি, শ্রীমদ্ভগবদ গীতা পাঠ, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, ধর্মীয় আলোচনা সভা, গঙ্গা আহ্বান, শুভ অধিবাস, শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞের শুভারম্ভ, শ্রী শ্রী লোকনাথ বাবার পূজা, চণ্ডীপাঠ, রাজভোগ নিবেদন, ভোগরতি কীর্তন এবং অন্নপ্রসাদ বিতরণ।
শ্রীমদ্ভগবদ গীতা পাঠ পরিবেশন করেন সুবল শীল ও তাঁর দল। তাঁদের পরিবেশনায় উপস্থিত ভক্তদের মাঝে গভীর আধ্যাত্মিক আবহের সৃষ্টি হয়। দিনব্যাপী নামসংকীর্তন ও বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরো এলাকা ভক্তিময় পরিবেশে মুখরিত হয়ে ওঠে।
শ্রী শ্রী লোকনাথ সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি সুজন দাশের উদ্যোগে এবং মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি বাবুল দাশের সভাপতিত্বে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। উদযাপন পরিষদের সহ-সভাপতি দুলন দাশ, অপু দাশ ও চন্দন দাশ; সাধারণ সম্পাদক রূপন দাশ (নারু); সহ-সাধারণ সম্পাদক উত্তম দাশ; অর্থ সম্পাদক নিশান দাশ ও দোলন দাশসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
এ মহতী ধর্মীয় অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
রাউজানের মধ্যম সুলতানপুরে আয়োজিত এ মহোৎসব স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে।