আশিকুজ্জামান রানা |
লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্যের নতুন সংযোজন হিসেবে পরিচিতি পেয়েছে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর মান্নানের চৌপতি এলাকার ‘ফুলের বাড়ী’।
দেশি-বিদেশি প্রায় ১৭০ প্রজাতির ফুলের সমারোহে গড়ে ওঠা এই দৃষ্টিনন্দন বাগান এখন স্থানীয় ও দূর-দূরান্তের পর্যটকদের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে।
প্রকৃতি ও ফুলপ্রেমীদের জন্য আদর্শ এই বাগানটি যেন এক জীবন্ত ক্যানভাস।
গোলাপ, ডালিয়া, চন্দ্রমল্লিকা, গাঁদা, রজনীগন্ধাসহ বিভিন্ন মৌসুমি ও দুর্লভ প্রজাতির ফুলে সাজানো পুরো এলাকা। বাগানটি মূলত দুটি বিশেষ অংশে বিভক্ত, যেখানে সারিবদ্ধভাবে রোপণ করা হয়েছে নানা রঙের ও প্রজাতির ফুল।
সবচেয়ে বেশি নজর কাড়ছে প্রায় ৪ বিঘা জমি জুড়ে চাষ করা সূর্যমুখী ফুলের ক্ষেত। সূর্যের দিকে মুখ করে থাকা হাজার হাজার হলুদ সূর্যমুখীর সমারোহ সৃষ্টি করেছে এক অনন্য নান্দনিক দৃশ্য। বিশেষ করে বিকেলের আলোয় এই সূর্যমুখী ক্ষেত যেন প্রকৃতির অপার সৌন্দর্যের এক অনুপম উপস্থাপনা।
সাপ্তাহিক ছুটির দিনগুলোতে এখানে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। পরিবার-পরিজন ও প্রিয়জনদের নিয়ে অনেকেই সময় কাটাতে আসছেন এই ফুলের বাগানে। তরুণ-তরুণীদের মধ্যে ছবি তোলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার প্রবণতাও ব্যাপকভাবে লক্ষ্য করা গেছে।
বাগান কর্তৃপক্ষ জানান, শুধুমাত্র ব্যবসায়িক উদ্দেশ্যে নয়, বরং মানুষের বিনোদন ও প্রকৃতির প্রতি ভালোবাসা জাগিয়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তরবঙ্গ অঞ্চলে এত বড় পরিসরে ১৭০ প্রজাতির ফুলের সমারোহ বিরল, যা ইতোমধ্যে স্থানীয় পর্যটন শিল্পে ইতিবাচক প্রভাব ফেলছে।
সহজ সড়ক যোগাযোগের কারণে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার এই ‘ফুলের বাড়ী’ এখন ঘুরে দেখার জন্য একটি আদর্শ ভ্রমণ স্পট হিসেবে বিবেচিত হচ্ছে। যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে চাইলে প্রকৃতিপ্রেমীরা ঘুরে আসতে পারেন এই বর্ণিল ফুলের স্বর্গরাজ্যে।