মাহিদুল ইসলাম ফরহাদ |
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে বসতবাড়িতে অনধিকার প্রবেশ, শ্লীলতাহানি, মারধর, ভাংচুর ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ-এর হলরুমে এই সংবাদ সম্মেলন করেন মোসা: মর্জিনা খাতুন (৩৮)।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পোলাডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং প্রবাসী স্বামী মোঃ তহুরুলের স্ত্রী। তার অভিযোগ, প্রায় ৫-৬ মাস আগে পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ধাপাপাড়া গ্রামের মৃত গোলাম কিবরিয়ার ছেলে শরিফ আলী তার বাবার বাড়িতে এসে ২০ লাখ টাকা দাবি করেন।

তিনি দাবি করেন, তার স্বামীর কাছে ওই টাকা পাওনা রয়েছে এবং বাড়ি বা জমি বিক্রি করে হলেও তা পরিশোধ করতে হবে।
মর্জিনা খাতুন বলেন, তিনি শরিফ আলীকে জানান যে তার স্বামী তাদের খোঁজখবর রাখেন না এবং কোনো খরচ দেন না। এরপরও বিভিন্ন সময় তাকে হুমকি ও অপমান করা হয়। অভিযোগ করা হয়, গত ২ জানুয়ারি ২০২৬ শরিফ আলী তার হাতে ৫০০ টাকার একটি বান্ডিল দিয়ে কৌশলে ভিডিও ধারণ করেন এবং পরবর্তীতে ২০ লাখ টাকা দাবিতে চাপ সৃষ্টি করেন।

তিনি আরও জানান, গত ১৫ জানুয়ারি তার বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করা হয়। তিনি ৫ ফেব্রুয়ারি আদালতে হাজির হয়ে জামিন লাভ করেন। কিন্তু তাতেও হয়রানি বন্ধ হয়নি বলে দাবি তার।

অভিযোগে বলা হয়, গত ১৮ ফেব্রুয়ারি বিকেল আনুমানিক ৩টার দিকে শরিফ আলী তার বাবার বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে শ্লীলতাহানি, মারধর ও আসবাবপত্র ভাংচুর করেন।

এ সময় আলমারি থেকে ৭০ হাজার টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগও তোলা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগীর বড় বোন হাফিজা খাতুনসহ পরিবারের সদস্যরা। ভুক্তভোগী তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্ত শরিফ আলীর সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।