মাহিদুল ইসলাম ফরহাদ |
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পরিচালিত ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ের অধীনে গত ২২ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত সদর মডেল থানাধীন শিমুলতলা বালুচর গ্রাম এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শিমুলতলা বালুচর এলাকার মৃত মাহাতাব উদ্দিনের ছেলে মোঃ নুরুল ইসলাম ওরফে বুধু মন্ডল (৬০) কে আটক করা হয়।

এ সময় তার হেফাজত থেকে ৬ (ছয়) কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।
ডিএনসি’র পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তিনি আরও জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাদক নির্মূলে অধিদপ্তরের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রমে সর্বস্তরের জনগণকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, এমন ধারাবাহিক অভিযান মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সহায়ক হবে।