মাহিদুল ইসলাম ফরহাদ |
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হুজরাপুরে অবস্থিত উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘ মন্দিরে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,মে পরিচিত ঐতিহ্যবাহী মন্দিরটিকে লক্ষ্য করে এক ব্যক্তি ইটপাটকেল নিক্ষেপ করেন। মন্দির প্রাঙ্গণে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজে পুরো ঘটনাটি ধরা পড়ে।

পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তিকে হাতেনাতে আটক করেন।
জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। আটক ব্যক্তি ১নং কলোনী পাড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মোঃ শাকিল হোসেন রহেদ হোসেন (৩০)।

এ ঘটনায় নিতাই নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলা দায়ের করেছেন। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা নং-২৭, তারিখ ২২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি., ধারা-২৯৫/২৯৫ক/২৯৬/২৯৮/৫০৬(২) পেনাল কোড, ১৮৬০ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। এজাহার নামীয় আসামি একজন। মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন এসআই পলাশ অধিকারী।

মন্দিরটি ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়। এর ভূমিদাতা মহন্ত শ্রীক্ষিতীশ চন্দ্র আচারী। এটি রহনপুর, গোমস্তাপুরের মহন্ত এস্ট্রেটের অন্তর্ভুক্ত একটি ধর্মীয় প্রতিষ্ঠান। মন্দিরটির প্রতিষ্ঠাতা আচার্য-১০৮ শ্রীল শ্যামকিশোর দাস গোস্বামী মহারাজজী।
ঘটনার পর এলাকায় সাময়িক উত্তেজনা বিরাজ করলেও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। সদর মডেল থানার ইনচার্জ নুরে আলম জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।