ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে ভারতীয় তৈরি ৪২ হাজার ‘শেখ নাছির উদ্দিন বিড়ি’সহ এক যুবককে আটক করেছে নৌ-পুলিশ।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির এসআই (নি.) মো. এরশাদ আলী ও এএসআই (নি.) নাইমুন হাসান চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল সুরমা নদীর দক্ষিণপাড়ের কলাহাটা চৌধুরী ঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব বিড়ি জব্দ করে।

নৌ-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ভারতীয় তৈরি ৪২,০০০ (বিয়াল্লিশ হাজার) ‘শেখ নাছির উদ্দিন বিড়ি’ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৪ হাজার টাকা।

এ ঘটনায় জড়িত রহমতপুর গ্রামের ছমরু মিয়ার ছেলে নাছির উদ্দিন (২৮) কে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, “আটককৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।”