শাকিল হোসেন |
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্যময় প্রভাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একাডেমিতে দেশের সর্বোচ্চ পতাকা-স্তম্ভ ‘চির উন্নত বিজয় নিশান’ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ আনুষ্ঠানিকভাবে নবনির্মিত ১২০ ফুট উচ্চতার ফ্ল্যাগপোল উদ্বোধন করেন। পতাকাস্তম্ভটিকে দেশের সর্বোচ্চ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এতে উত্তোলিত জাতীয় পতাকার দৈর্ঘ্য ২৮ ফুট এবং প্রস্থ ১৬.৮ ফুট।

একাডেমি প্রাঙ্গণে উত্তোলিত ‘চির উন্নত বিজয় নিশান’ জাতীয় পতাকা প্রশিক্ষণরত সদস্যদের মধ্যে দেশপ্রেম, ঐক্য ও আত্মমর্যাদাবোধ জাগ্রত করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। আয়োজকরা জানান, এই আয়োজন ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে বাহিনীর শৃঙ্খলা, দায়িত্ববোধ ও আত্মত্যাগের মানসিকতাকে আরও সুদৃঢ় করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, “বাংলাদেশ আনসার ও ভিডিপি দেশের সর্ববৃহৎ জনসম্পৃক্ত বাহিনী হিসেবে জাতীয় অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৫ লাখ ৭০ হাজার সদস্য-সদস্যা দায়িত্ব পালন করেছেন, যা সংশ্লিষ্ট বাহিনীগুলোর মধ্যে সর্বাধিক।”
তিনি আরও উল্লেখ করেন, ভাষাশহিদ আব্দুল জব্বার এই বাহিনীর একজন গর্বিত প্লাটুন কমান্ডার ছিলেন। ভাষার মর্যাদা রক্ষায় তাঁর আত্মত্যাগ বাহিনীর সদস্যদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।
মহাপরিচালক বলেন, “‘চির উন্নত বিজয় নিশান’ আমাদের গৌরবময় ইতিহাস, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। এই পতাকা আমাদের শপথ করায়—দেশের স্বাধীনতা রক্ষায় আমরা সর্বদা প্রস্তুত।”

অনুষ্ঠানে অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ এবং আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) ও উপমহাপরিচালক মোহাম্মদ নুরুল আবছারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আনসার ও ভিডিপি একাডেমিতে স্থাপিত এই পতাকা-স্তম্ভ কেবল একটি স্থাপনা নয়; এটি জাতির গৌরব, আত্মত্যাগ ও শৌর্যের দৃশ্যমান প্রতীক।

একাডেমির চলমান উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে প্রশিক্ষণ ব্যবস্থার আধুনিকায়ন, শৃঙ্খলা সুদৃঢ়করণ এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।