মোঃ ইলিয়াছ খান |
সালথা উপজেলা প্রতিনিধি (ফরিদপুর):

ফরিদপুরের সালথা উপজেলায় অগ্নিকাণ্ডে এক কৃষকের বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে এ মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে কৃষক মজিবুর মাতুব্বরের বসতঘর ও ঘরের সব আসবাবপত্র, কাপড়চোপড় এবং খাদ্যসামগ্রী পুড়ে যায়। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে রান্না করার সময় চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো বসতঘরে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও আগুনের তীব্রতা বেশি থাকায় তা সম্ভব হয়নি।

খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত কৃষক মজিবুর মাতুব্বর বলেন,
“আমার সব শেষ হয়ে গেছে। এখন পরিবার নিয়ে খোলা আকাশের নিচে আছি। কোথায় থাকবো, কী খাব—কিছুই বুঝতে পারছি না।”

সালথা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. আব্দুল জলিল জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

এ ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

দ্রুত সরকারি সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে রান্নাঘরে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।