মাইনুল ইসলাম রাজু |
আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার আমতলীতে তিনদিনব্যাপী ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিলে ইসলামী দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেছেন মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন।

তিনি বলেন, “যাদের উপরে আল্লাহর রহমত বিদ্যমান, প্রকৃত মুমিনদের উচিত তাদের সাথেই ওঠাবসা করা।”
২০ ফেব্রুয়ারি শুক্রবার বাদ জুময়া বরগুনা জেলার আমতলী উপজেলার আমড়াগাছিয়া খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সে আয়োজিত মাহফিলের শেষ দিনে আখেরী মুনাজাতের পূর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পবিত্র মাহে রমজান রহমত, মাগফেরাত ও নাজাতের মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত লাভের জন্য শোকরগুজার থাকা, বেশি বেশি নেক আমল করা এবং রাসূলুল্লাহ (সাঃ)-এর সুন্নতের উপর দায়েম ও কায়েম থাকা আবশ্যক। যারা আল্লাহর নাফরমানি করে এবং সুন্নতকে অবজ্ঞা করে, তাদের উপর থেকে আল্লাহর রহমত সরে যায়।

ছারছীনা শরীফের কুতুবুল আলম আল্লামা শাহ্সূফী নেছারুদ্দীন আহমদ (রহঃ)-এর ৭৪তম, মুজাদ্দেদে যামান শাহ্সূফী হযরত মাওলানা আবু জাফর মোহাম্মদ ছালেহ (রহঃ)-এর ৩৬তম এবং বাহরে শরীয়ত শাহ্সূফী হযরত মাওলানা মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ)-এর ২য় ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে এ মাহফিলের আয়োজন করা হয়।

তিনদিনব্যাপী এই মাহফিলে প্রতিদিন বাদ ফজর ও মাগরীব জিকিরের তা’লীম পরিচালনা করেন পীর ছাহেব কেবলা। এছাড়াও সফরসঙ্গী ওলামায়ে কেরামগণ গুরুত্বপূর্ণ ধর্মীয় আলোচনা উপস্থাপন করেন।

আখেরী মুনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করা হয়। নিজেদের গুনাহ মাফের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। উপস্থিত লাখো ধর্মপ্রাণ মুসল্লির ‘আমীন আমীন’ ধ্বনিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।