ঢাকাসহ সারা দেশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান জানিয়েছেন, ২১ ফেব্রুয়ারি উদযাপন ঘিরে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই এবং র্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
শুক্রবার সকাল ১১টার দিকে র্যাব সদর দপ্তরের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। র্যাব মহাপরিচালক বলেন, ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারসহ দেশব্যাপী শহীদ মিনারগুলোতে পর্যাপ্ত র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
নিরাপত্তা কার্যক্রম ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং সিসিটিভি ক্যামেরা ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট এবং ডগ স্কোয়াড প্রস্তুত রাখা হয়েছে, এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সকল নাগরিককে সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে টহল টিম অথবা দায়িত্বশীল কর্মকর্তাদের অবহিত করার আহ্বান জানানো হয়েছে।