আশিকুজ্জামান রানা |
লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নে অসহায়, দুস্থ ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন স্থানীয় ছাত্রদল নেতা আতিকুল ইসলাম রানা। তার ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এই মানবিক কর্মসূচি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ইউনিয়নের গুরুত্বপূর্ণ মোড় ও স্থানীয় বাজার এলাকায় ঘুরে ঘুরে কয়েকশ মানুষের হাতে ইফতারের প্যাকেট তুলে দেন তিনি। বিতরণকৃত ইফতার প্যাকেটে ছিল তেহেরী, ফলমূল ও পুষ্টিকর খাবার।
স্থানীয়রা জানান, আতিকুল ইসলাম রানা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। বিশেষ করে রমজান মাসে নিম্নআয়ের মানুষ ও পথচারীদের জন্য তার এই উদ্যোগ প্রশংসিত হয়েছে।
ইফতার বিতরণকালে আতিকুল ইসলাম রানা বলেন, “ছাত্ররাজনীতি মানে শুধু মিছিল-মিটিং নয়; ছাত্ররাজনীতি মানে জনগণের সেবা করা। দেশের এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোই আমার মূল লক্ষ্য। সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি মানুষের মাঝে সামান্য ইফতার পৌঁছে দিতে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
ইফতার পেয়ে এক পথচারী আবেগাপ্লুত হয়ে বলেন, “কাজ শেষে ফিরতে দেরি হয়ে গিয়েছিল। রানার দেওয়া ইফতারি দিয়ে এখন পথেই রোজা ভাঙতে পারব। আল্লাহ ওর মঙ্গল করুক।”
কর্মসূচিতে স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা সহযোগিতা করেন। মানবিক এ উদ্যোগ রমজানে সামাজিক সম্প্রীতি ও সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।