মো: গোলাম কিবরিয়া |
রাজশাহী জেলা প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমযানকে কেন্দ্র করে রাজশাহীর ঐতিহ্যবাহী সাহেব বাজার এলাকাজুড়ে ফুটপাতে গড়ে উঠেছে রকমারি ইফতারের দোকান। বিকেল গড়ানোর আগেই ছোট-বড় অসংখ্য অস্থায়ী স্টল ও ভ্রাম্যমাণ দোকানে দেখা যায় ক্রেতাদের ভিড়। জমজমাট বেচাকেনায় মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।
দুপুর থেকেই শুরু হয় ইফতার সামগ্রী প্রস্তুতের ব্যস্ততা। পিয়াজি, বেগুনি, আলুর চপ, রসুনের চপ, জিলাপি, হালিম, তেহারী ও বিরিয়ানিসহ নানা মুখরোচক খাবারের সমারোহ সাজানো থাকে টেবিলজুড়ে। রঙিন ও আকর্ষণীয় পরিবেশনায় এসব ইফতার সামগ্রী ক্রেতাদের দৃষ্টি কাড়ছে।
অনেকেই পরিবারের সদস্যদের সঙ্গে একসাথে ইফতার করার জন্য বাজার থেকে প্রয়োজনীয় খাবার কিনে বাড়ির পথে রওনা দিচ্ছেন।
আবার কেউ কেউ দোকানেই বসে ইফতার করছেন। দোকানের মালিক ও কর্মচারীরাও ক্রেতাদের সঙ্গে মিলেমিশে ইফতার আয়োজন করছেন, যা পুরো পরিবেশকে আরও উৎসবমুখর করে তুলেছে।
এক ইফতার বিক্রেতা জানান , রমযান শুরু হওয়ার পর থেকেই বিক্রি বেড়েছে কয়েকগুণ। প্রতিদিন বিকেল থেকে মাগরিবের আজান পর্যন্ত ক্রেতাদের ভিড় থাকে চোখে পড়ার মতো। তিনি আশা প্রকাশ করেন, পুরো মাসজুড়ে এমন ভালো বেচাকেনা অব্যাহত থাকবে।
রাজশাহীর সাহেব বাজারের এই জমজমাট ইফতার বাজার শুধু ব্যবসায়ীদের মুখে হাসি ফোটাচ্ছে না, বরং নগরবাসীর রমযানের আনন্দও বাড়িয়ে তুলছে। প্রতি বছরের মতো এবারও ইফতারকে ঘিরে সৃষ্টি হয়েছে এক মিলনমেলা।