মো: গোলাম কিবরিয়া |
রাজশাহী জেলা প্রতিনিধিঃ

রাজশাহীর পবা উপজেলায় সাবেক ইউপি সদস্য মোশাররফ হোসেন হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।

গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বড়ইকুড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-৫ এর অধিনায়ক কার্যালয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম মো. রাজিবুল ইসলাম ওরফে রাজিব (৩৫)। তিনি পবা উপজেলার দামকুড়া থানার শিতলাই (বাথানবাড়ী) গ্রামের বাসিন্দা। গ্রেপ্তারের পর তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ জানুয়ারি রাতে মোশাররফ হোসেনের বাড়ির সামনে একটি চায়ের দোকানে গরু কেনাবেচা সংক্রান্ত বিষয় নিয়ে আসামিদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধ তীব্র আকার ধারণ করলে আসামিরা বাঁশের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে।

এতে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে চারজন নামীয় আসামিসহ আরও সাত থেকে আটজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাকে মারধর করে পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মোশাররফ হোসেনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৬ জানুয়ারি সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে দামকুড়া থানায় চারজনের নাম উল্লেখ করে এবং সাত থেকে আটজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই থানা-পুলিশের পাশাপাশি র‍্যাব-৫ ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করে।

এর আগে ১ ফেব্রুয়ারি একই মামলায় শিতলাই গ্রামের মোছাব্বর হোসেনের দুই ছেলে রফিকুল ইসলাম ওরফে রাকিব ও আরিফুল ইসলাম ওরফে আরিফকে গ্রেপ্তার করা হয়। তারা মামলার ৩ ও ৪ নম্বর আসামি।
র‍্যাব-৫ জানিয়েছে, হত্যা মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।