মোঃ ইলিয়াছ খান |
সালথা উপজেলা প্রতিনিধি (ফরিদপুর):
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলায় “শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬” যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
উপস্থিত ছিলেন সালথা থানা-র অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান, উপজেলা কৃষি কর্মকর্তা সুদর্শন শিকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আছাদ মাতুব্বর, সালথা প্রেসক্লাব-এর সভাপতি মোঃ নুরুল ইসলাম নাহিদ, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি তরিকুল ইসলাম, উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাশেম মোল্যা, উপজেলা এনসিপির আহ্বায়ক সজীব আল হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় জাতীয় কর্মসূচির আলোকে দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা ১ মিনিটে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।
এছাড়া ২১ ফেব্রুয়ারি জাতীয় পতাকা সঠিক নিয়মে অর্ধনমিত রাখা, সকাল ৯টায় প্রভাতফেরি, সাড়ে ৯টায় আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় স্বাস্থ্য বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর দিবসটি সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে নিজ নিজ কর্মপরিকল্পনা তুলে ধরেন।
উপজেলা প্রশাসন আশা প্রকাশ করে, সর্বস্তরের জনগণের অংশগ্রহণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হবে।