আব্দুল্লাহ আল মামুন | যশোর প্রতিনিধিঃ
যশোর–৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় যশোরের মণিরামপুর উপজেলায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় মণিরামপুর উপজেলা যুবদলের আয়োজনে এ আনন্দ মিছিল বের করা হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোতাহিরুল ইসলাম রিয়াদ ও যুবনেতা সাইফুল ইসলামের নেতৃত্বে মিছিলটি মণিরামপুর বাজারের প্রধান সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে দক্ষিণ মাথা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
এ সময় যুবদলের নেতাকর্মীরা প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে স্লোগান দেন। তারা বলেন, অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে যশোর-৩ আসনসহ মণিরামপুর উপজেলায় বিদ্যুৎ, জ্বালানি ও অবকাঠামো খাতে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
মিছিলে উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
স্থানীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে অনিন্দ্য ইসলাম অমিত জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।