এ.এস.এম হামিদ হাসান |
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন কিশোরগঞ্জ-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মো. শরীফুল আলম। মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাকে টেলিফোনে বিষয়টি জানানো হয়।
ঘনিষ্ঠ সূত্র জানায়, সকালে শরীফুল আলমকে শপথগ্রহণের বিষয়ে অবহিত করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ‘আলহামদুলিল্লাহ প্রতিমন্ত্রী’ লেখা একটি পোস্টও প্রকাশিত হয়, যা স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

এদিন সকাল ১০টা ৪০ মিনিটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। সেখানে শরীফুল আলম সংসদ সদস্য হিসেবে শপথ নেন। বিকেলে মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ১ লাখ ৮৭ হাজার ১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস-এর প্রার্থী আতাউল্লাহ আমীন, যিনি রিকশা প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৯৫ ভোট।
এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি ও কিশোরগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন তার ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছেন, শরীফুল আলমকে শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে।

বিএনপি নেতা ও বিশিষ্ট শিল্পপতি মো. শরীফুল আলম প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তার মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি কিশোরগঞ্জে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে।