মোঃ গোলাম কিবরিয়া |
রাজশাহী জেলা প্রতিনিধিঃ
পবিত্র রমজান মাসকে সামনে রেখে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এ কার্যক্রমের আওতায় সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতেও কম দামে ভোজ্যতেল, চিনি, ছোলা, মসুর ডাল ও খেজুর বিক্রি করা হচ্ছে।
টিসিবি সূত্রে জানা গেছে, রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রতিদিন ১৫টি ট্রাকের মাধ্যমে মোট ৬ হাজার পরিবারের কাছে এসব পণ্য সরবরাহ করা হবে। প্রতিটি ট্রাকে দৈনিক ৪০০ জন ক্রেতাকে নির্ধারিত মূল্যে পণ্য দেওয়া হবে। পাশাপাশি ফ্যামিলি কার্ডের মাধ্যমেও পণ্য বিতরণ কার্যক্রম চলমান থাকবে।
নির্ধারিত মূল্য অনুযায়ী ২ কেজি মসুর ডাল ১৪০ টাকা, ২ লিটার ভোজ্যতেল ২৩০ টাকা, ১ কেজি চিনি ৮০ টাকা, ১ কেজি ছোলা ৬০ টাকা এবং আধা কেজি খেজুর ৮০ টাকায় বিক্রি করা হচ্ছে। উল্লেখিত পণ্যের মোট প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৯০ টাকা।
টিসিবির নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট ডিলাররা সকাল ১১টার মধ্যে নির্ধারিত বিক্রয়স্থলে উপস্থিত হয়ে ট্যাগ অফিসার ও ওয়ার্ড সচিবদের উপস্থিতিতে বিক্রয় কার্যক্রম পরিচালনা করবেন।
এ বিষয়ে টিসিবির উপপরিচালক (ডিডি) আতিকুর রহমান মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে বলেন, রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে সরকারের এ উদ্যোগ অব্যাহত থাকবে।
তিনি সুষ্ঠু ও স্বচ্ছভাবে কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
রমজানে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারের এ উদ্যোগ সাধারণ মানুষের জন্য স্বস্তির বার্তা বয়ে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।