এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধিঃ
চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেন কুমিল্লার নাঙ্গলকোট-এ লাইনচ্যুত হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ৩টা ১৫ মিনিটের দিকে নাঙ্গলকোট রেলস্টেশনের আউটার সিগনালের মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে ঢাকামুখী রেললাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং কয়েক শ যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।

রেলওয়ে সূত্রে জানা যায়, ট্রেনটির মাঝামাঝি অংশের এসি চেয়ার কোচের বগি নম্বর ছ-১৩১৮ রেলপথ থেকে ছিটকে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর থেকে ঢাকামুখী লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ থাকলেও চট্টগ্রামমুখী লাইন ব্যবহার করে দুই দিকের ট্রেন সীমিত আকারে চলাচল করছে।
নাঙ্গলকোট রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার জামাল উদ্দিন জানান, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। উদ্ধারকারী ট্রেন আসার প্রস্তুতি নেওয়া হয়েছে এবং দ্রুত লাইনচ্যুত বগি উদ্ধার ও রেললাইন মেরামতের কাজ শুরু করা হবে।
স্থানীয় মাঝিপাড়া গ্রামের বাসিন্দা বজলুর রহমান বলেন, ট্রেনটি হাসানপুর স্টেশন অতিক্রম করে মাঝিপাড়ায় পৌঁছালে বিকট শব্দ হয়। সঙ্গে সঙ্গে একটি এসি বগি লাইনচ্যুত হয়। যাত্রীদের চিৎকারে চালক দ্রুত ট্রেন থামান। সৌভাগ্যবশত কেউ আহত হননি।
চট্টগ্রাম থেকে কসবাগামী যাত্রী এনামুল হক অভিযোগ করেন, দুর্ঘটনার ঘণ্টাখানেক পরও উদ্ধারকাজ শুরু হয়নি এবং যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত রেলওয়ে পুলিশ বা প্রশাসনের কাউকে ঘটনাস্থলে দেখা যায়নি বলেও তিনি দাবি করেন।
সন্ধ্যা ছয়টা পর্যন্ত লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ শুরু না হওয়ায় যাত্রীরা উদ্বেগ ও দুর্ভোগে পড়েন। অনেকে বাধ্য হয়ে বিকল্প পরিবহনে গন্তব্যে রওনা হন।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন করে ঢাকা-চট্টগ্রাম রুটে স্বাভাবিক ট্রেন চলাচল পুনরুদ্ধারের চেষ্টা চলছে।