সুজন চন্দ্র দাস |
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জিংলাতলি সেতু এলাকায় ওভারটেক করতে গিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে দুইজন নিহত ও অন্তত সাতজন আহত হয়েছেন।

আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মো. মিজানুর রহমান (৪৭), চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের আবদুর রাজ্জাক মিয়ার ছেলে এবং ফারুক হোসেন (৩৭), দাউদকান্দি উপজেলার বাহাদুরখোলা গ্রামের হারুন মিয়ার ছেলে। নিহত ফারুক হোসেন পেশায় অটোরিকশা চালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ইকোনো পরিবহনের একটি যাত্রীবাহী বাস জিংলাতলি এলাকায় পৌঁছালে অপর একটি বাসকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি অটোরিকশাসহ সড়কের পাশের মাছের ঘেরে পড়ে যায়।
দুর্ঘটনার পর অন্য বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি কয়েকবার উল্টে মাছের প্রজেক্টে গিয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের গৌরীপুর হাসপাতালে নিয়ে যান।
অটোরিকশা চালক ঘটনাস্থলেই মারা যান। এলাকাবাসীর মতে, মাছের ঘেরটি শুকনো থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. দিলরুবা শারমিন জানান, আহত আটজনকে হাসপাতালে আনা হলে দু’জনকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
দাউদকান্দি ফায়ার সার্ভিসের ইনচার্জ এরশাদ হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও স্থানীয়রা আগেই আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
দাউদকান্দি হাইওয়ে থানার সার্জেন্ট জাকিবুল ইসলাম জানান, বাসটি ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাসহ খাদে পড়ে যায়। এ ঘটনায় দুইজন নিহত ও সাতজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।