এ.এস.এম হামিদ হাসান |
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
আগামীকাল রবিবার (১৫ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় সফরে আসছেন ডা. মো. শফিকুর রহমান। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির হিসেবে দলীয় এক কর্মীর অকাল মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন।
দলীয় সূত্রে জানা যায়, গত ৮ ফেব্রুয়ারি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ১১ দলীয় জোটের এক নির্বাচনী জনসভায় যোগ দিতে যাওয়ার পথে বড়িবাড়ি ইউনিয়নের শিমুলবাগ এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন মো. শাহ আলম ভূঁইয়া নামের এক জামায়াত কর্মী। নির্বাচনী কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিবারকে সান্ত্বনা দেওয়া এবং তাদের খোঁজখবর নিতে জামায়াত আমির নিজেই ইটনায় উপস্থিত হচ্ছেন। দলীয় শীর্ষ নেতারা জানিয়েছেন, তিনি মরহুমের পরিবারের সদস্যদের সমবেদনা জানাবেন এবং আর্থিক ও সাংগঠনিক সহায়তার বিষয়টি নিশ্চিত করবেন।
গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী ইটনা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা নূরুল উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।
আমিরের সফরকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে।
একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ইটনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল হাসিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কিশোরগঞ্জের রাজনৈতিক অঙ্গনে জামায়াত আমিরের এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন স্থানীয়রা।