মাহিদুল ইসলাম ফরহাদ |
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নির্বাচনে পরাজিত হলেও এলাকার উন্নয়ন কার্যক্রমে সক্রিয় থাকার ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মোঃ হারুনুর রশীদ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় তার অফিসিয়াল ফেসবুক আইডিতে দেওয়া এক লিখিত বার্তায় তিনি চাঁপাইনবাবগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও জনগণ যে সমর্থন ও ভালোবাসা দিয়েছেন, তা আজীবন স্মরণ রাখবেন বলে উল্লেখ করেন তিনি।
হারুনুর রশীদ বলেন, “আমরা একটি আসনের লড়াই হেরেছি, কিন্তু মহাযুদ্ধে জয়ী হয়েছি। দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে—এটাই আমাদের বড় শক্তি।”
তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুযোগ্য পুত্র তারেক রহমানকে দেশনায়ক হিসেবে বেছে নেওয়ার মাধ্যমে দেশের নতুন অধ্যায় সূচনার কথা উল্লেখ করেন।
উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, সংসদ সদস্য না হলেও ক্ষমতাসীন দল বিএনপির একজন সক্রিয় সিনিয়র নেতা হিসেবে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নে কাজ করবেন।
তার নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির মধ্যে রয়েছে—বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতকরণ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, নদী উন্নয়ন, স্বাস্থ্যসেবা পরিকল্পনা, যুব কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়ন। পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উদ্দেশে তিনি অভিযোগ করেন, নির্বাচনের পর বিএনপির নেতাকর্মীদের হুমকি দেওয়ার চেষ্টা চলছে।
তিনি বলেন, “রাষ্ট্রক্ষমতায় না থেকেও ভয়ভীতি প্রদর্শন জনগণের রায়ের প্রতি অসম্মান। কোনো ধরনের অস্থিরতা বরদাশত করা হবে না, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
চাঁপাইনবাবগঞ্জের মানুষ যাতে উন্নয়ন প্রকল্প বা সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কাজ করার অঙ্গীকার করেন সাবেক এই সংসদ সদস্য।