মোঃ আবদুল্লাহ আল-মামুন |

নবনির্বাচিত সংসদ সদস্য এবং বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের মানুষকে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না, খুব শিগগিরই নতুন মন্ত্রিসভা ঘোষণা করা হবে। নতুন মন্ত্রিসভা কেমন হবে, তা জনগণ দেখলেই পরিবর্তনের স্পষ্ট বার্তা পাবেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে সদ্য সমাপ্ত নির্বাচন একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হবে। সাধারণ ভোটাররা শুধু ভোট দিয়েই থেমে থাকেননি, তারা ভোটকেন্দ্র পাহারা দিয়ে গণতন্ত্র রক্ষায় সক্রিয় ভূমিকা রেখেছেন।
সালাহউদ্দিন আহমদ জানান, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটবে নতুন সরকার ও মন্ত্রিসভায়। দক্ষতা, সততা এবং জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে দল ও দেশ পরিচালনার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, তারেক রহমান স্বদেশে প্রত্যাবর্তনের পর সারা দেশে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতেই স্পষ্ট হয়েছে যে দেশবাসী পরিবর্তনের অপেক্ষায় ছিল। নির্বাচনী ইশতেহার এবং ঘোষিত “৩১ দফা” কর্মসূচির আলোকে কাঙ্ক্ষিত সংস্কার কার্যক্রম শুরু হবে। জুলাই মাসে জাতীয় সনদ রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে বাস্তবায়ন করা হবে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর বিচার প্রসঙ্গে তিনি জানান, চলমান তদন্তের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে। প্রয়োজনে ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে দেশে এনে বিচার কার্যক্রম সম্পন্ন করা হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণ যে আস্থা ও দায়িত্ব দিয়েছে, তা বাস্তব উন্নয়ন, সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে রক্ষা করা হবে। নতুন বাংলাদেশ গঠনে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করাই আমাদের প্রধান লক্ষ্য।