মোঃ আবদুল্লাহ আল-মামুন |
কক্সবাজার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ভূমিধস বিজয়ের পরও সংযত ও দায়িত্বশীল বার্তা দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি জানান, জনগণের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে এখনই কাজে নেমে পড়াই তাঁর প্রধান লক্ষ্য। বিজয়ের উচ্ছ্বাসে সময় নষ্ট না করে উন্নয়ন কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়ার কথাই তুলে ধরেন তিনি।
তিনি বলেন, “আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। এই অঞ্চলের মানুষ আমাকে আন্তরিকভাবে ভালোবাসে। তাদের প্রত্যাশার চেয়েও বেশি কাজ করে স্বপ্নগুলো বাস্তবায়ন করতে চাই, ইনশাআল্লাহ।”
বিজয়ের উল্লাস প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, “আমরা কোনো বিজয় মিছিল বা উৎসব করবো না। সামনে অনেক কাজ, দেশকে সাজাতে হবে, দেশকে গঠন করতে হবে। এখন সময় দায়িত্ব পালনের।”
নির্বাচনী বিশ্লেষকদের মতে, বড় ব্যবধানে জয়লাভের পরও এমন সংযত ও কর্মমুখী অবস্থান বর্তমান রাজনীতিতে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। এতে সাধারণ মানুষের মাঝে দায়িত্বশীল নেতৃত্বের বার্তা পৌঁছেছে।
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন, অবকাঠামো নির্মাণ, কর্মসংস্থান সৃষ্টি ও জনসেবামূলক উদ্যোগ গ্রহণের মাধ্যমে এই বিজয়ের প্রকৃত মূল্যায়ন হবে।
তাদের বিশ্বাস, প্রতিশ্রুত পরিকল্পনা বাস্তব রূপ পেলে চকরিয়া-পেকুয়ার সার্বিক চিত্র বদলে যাবে এবং দৃশ্যমান উন্নয়নের মাধ্যমে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের ভাষ্য, উৎসব নয়—কর্মই হবে নতুন এমপির সাফল্যের আসল মানদণ্ড।